বিমাসেবাকে জনবান্ধব ও কল্যাণমুখী করার জন্য বিভিন্ন বিমা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেছেন। তিনি বলেন, বিমাসেবাকে জনবান্ধব ও কল্যাণমুখী করার জন্য প্রবাসীবিমা, কৃষিবিমা, স্বাস্থ্যবিমা, গবাদিপশুর বিমা, হাওর এলাকার জন্য শস্যবিমা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দারিদ্র্য নিরসনে ক্ষুদ্রবিমা চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, দরিদ্র নারীদেরকে ক্ষুদ্রবিমার আওতায় এনে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিমা খাতে অটোমেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে অভিন্ন নো ইওর কাস্টমার (কেওয়াইসি) পদ্ধতি চালু করা হয়েছে।