স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল নিশ্চিত করার লক্ষ্যে মালিক-শ্রমিক সমন্বয়ে ঢাকায় আটটি ‘মোবাইল টিম’ গঠন করা হয়েছে। মালিক-শ্রমিক ও বিআরটিএর ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এই টিমগুলো গতকাল ঢাকা শহরের নির্ধারিত আটটি স্থানে কাজ শুরু করেছে। বিভিন্ন অনিয়মের কারণে ঢাকায় গতকাল ১৫০টি গাড়ির সিরিয়াল আউট করা হয়েছে। আগামীকাল থেকে এই অভিযান চলমান থাকবে।
সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচল নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিসে কেন্দ্রীয় মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ও ঢাকাস্থ পরিবহন কোম্পানিগুলোর চেয়ারম্যান ও এমডিদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকাসহ সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচল নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে ৯ সদস্যবিশিষ্ট আরেকটি মোবাইল টিম গঠন করা হয়েছে।
টিমের আহ্বায়ক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এবং সদস্যসচিব বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। এ ছাড়াও টাঙ্গাইল রোড, ময়মনসিংহ রোড, সিলেট রোড ও চিটাগাং রোডসহ বিভিন্ন স্থানে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ মাইক্রোবাস দিয়ে মোবাইল টিমের কাজ শুরু করেছেন।