ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ আগস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্গত গার্হস্থ্য অর্থনীতি (হোম ইকোনমিকস) কলেজসমূহের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। ঐ দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণসংক্রান্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার সময় এক ঘণ্টা, নম্বর ১০০, পাশ নম্বর ৪০ এবং পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে শুধু মহিলা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া ১৫ জুন থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া শেষ হবে ৩১ জুলাই। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং শুধু ২০২০ সালের বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা কারিগরি শিক্ষা বোর্ড বা মাদ্রাসা বোর্ড বা এ-লেভেল বা সমমানের বিদেশি ডিগ্রিধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন ফি ৬৫০ (ছয় শ পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তিচ্ছু আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএদ্বয়ের যোগফল ন্যূনতম ৫.৫ হতে হবে। তবে কোনো পরীক্ষায়  জিপিএ ২.৫-এর কম হলে আবেদন করা যাবে না। ভর্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য http://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ঢাবি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।