আইসক্রিমের লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। তিন সন্তানের জনক আবদুর রহিম সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর-চারাভাঙ্গা গ্রামের বাসিন্দা। এর আগেও রহিম গ্রামে এ ধরনের আরেকটি ঘটনা ঘটিয়েছে বলে গ্রামবাসী জানিয়েছে। তবে সেই ঘটনার বিচার না হওয়ায় সে ফের একই কাণ্ড ঘটাতে সাহস পেয়েছে। তবে এবারও বিষয়টি মীমাংসার কথা বলে ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে গ্রামের প্রভাবশালী কয়েক ব্যক্তির বিরুদ্ধে। গ্রামবাসী ও ভুক্তভোগীর পরিবার জানায়, তৃতীয় শ্রেণির ঐ শিশু শিক্ষার্থীকে আইসক্রিমের লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে তার চিত্কারে লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। রহিম এ সময় পালিয়ে যায়। ভিকটিমের দাদি গত সোমবার আবদুর রহিমকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে গত শুক্রবার ঘটনাটি ঘটলেও এ পর্যন্ত আসামি গ্রেফতার হয়নি। থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে।