ভোলায় বৃষ্টির মধ্যে কৃষি জমিতে খেলতে গিয়ে বজ্রপাতে জহিরুল ইসলাম সাগর (১১) ও সিফাত হোসেন শান্ত (৯) নামে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মো. নূরন্নবী (৪০) নামে এক কৃষক ও ইব্রাহীম (৮) নামে আরেক শিশু আহত হয়েছেন। নিহত জহিরুল ইসলাম সাগর ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ মাদ্রাজ গ্রামের মো. কুদ্দুস মাঝির ছেলে ও সিফাত হোসেন শান্ত একই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। আহতরা একই গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২ টার ওই গ্রামে এ ঘটনা ঘটে।
এওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুব আলম খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে ওই শিশুরা তাদের বাড়ির পাশের কৃষি জমিতে খেলাধুলা করছিল এবং নূরন্নবী তার আখ ক্ষেতে কাজ করছিল। এসময় হঠাৎ বজ্রপাত সৃষ্টি হয়ে তাদের গাঁয়ে লাগলে তারা সবাই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জহিরুল ইসলাম সাগর ও সিফাত হোসেন শান্তকে মৃত ঘোষণা করেন। এবং আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমএএম