গুরুদাসপুরে ডোবার পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু

গুরুদাসপুরে ডোবার পানিতে ডুবে ফেরদৌসী ও জান্নাতি নামে ছয় বছরের যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তানগর গ্রামে এ ঘটনা ঘটে। ফেরদৌসী ও জান্নাতি ঐ গ্রামের ভ্যানচালক রাজেকুল ইসলাম ও মাহফুজা দম্পতির মেয়ে। যমজ দুই কন্যাকে হারিয়ে বাবা ও মা পাগল প্রায় হয়ে গেছেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মেয়ে দুটি অন্য সহপাঠীদের সঙ্গে খেলা করছিল। খেলার ছলে কখন যে পানিতে ডুবে গেছে, তা কেউ জানে না। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী একজন বাড়ির পাশের ডোবায় শিশু দুটির লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় ডোবা থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

জান্নাতি ও ফেরদৌসীর মা বিলাপ করতে করতে বলেন, ছয় বছর আগে তাদের ঘর আলো করে যমজ দুই কন্যা জন্মেছিল। ছয় বছর পর আবার ঘর অন্ধকার করে তাদের মেয়ে দুটি চলে গেল।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিত্সক মো. শরিফুল ইসলাম বলেন, দুপুরের দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আসার আগেই ঐ দুই শিশু মারা গেছে তখন আর কিছুই করার ছিল না।