আমেরিকায় টিকা নিলেই মিলতে পারে খেলার টিকিট থেকে বিয়ার!

কোভিডের টিকাকরণ নিয়ে আমেরিকাবাসীকে উত্সাহিত করতে অভিনব পন্থা নিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। তার আগে সে দেশের পরিণত বয়স্ক মানুষদের ৭০ শতাংশকে করোনার অন্তত একটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে যুক্তরাষ্ট্র। টিকা নিতে যাতে সাধারণ মানুষ এগিয়ে আসেন, সে জন্য খেলার টিকিট থেকে বিয়ার দেওয়ার কথাও ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

টিকাকরণের জন্য বাইডেনকে সাহায্য করতে এগিয়ে আসছে বিভিন্ন বেসরকারি সংস্থা। আনহিউজার-বুশ নামের এক বিয়ার প্রস্তুতকারক সংস্থা বাইডেনের লক্ষ্যপূরণে এগিয়ে আসা প্রথম ২ লাখ লোককে বিনা মূল্যে বিয়ার দেওয়ার ঘোষণা করেছে। বেশ কিছু সংস্থা বেতনযুক্ত ছুটি দেওয়ার কথাও ঘোষণা করেছেন। এ ভাবেই বিভিন্ন পুরস্কার সামনে রেখে টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষকে উত্সাহিত করছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন অবধি আঠারোর্ধ্ব আমেরিকানদের ৬২ দশমিক ৮ শতাংশ অন্তত একটি টিকা নিয়েছেন। ১৩ কোটিরও বেশি আমেরিকানদের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।

উল্লেখ্য, ভয় এবং পর্যাপ্ত সচেতনতার অভাবে টিকা নিতে এগিয়ে আসছেন না অনেকে। এবার তরুণ প্রজন্মকে টিকা নিতে উত্সাহিত করতে অভিনব উদ্যোগ নিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি টিকা নিতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হচ্ছে ‘ক্যাশ প্রাইজ’ও।