সামাজিক নিরাপত্তাখাতে সরকার প্রতি বছর বাজেটে বরাদ্দ বাড়িয়ে চলেছে। ২০২১-২২ অর্থবছরে মোট ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যা মোট বাজেটের ১৭ দশমিক ৮৩ শতাংশ এবং জিডিপির ৩ দশমিক ১১ শতাংশ। ভাতার আওতা বেড়েছে, দরিদ্র প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তির। গত অর্থবছরে ১১২ উপজেলায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী দরিদ্র প্রবীণ ব্যক্তিকে শতভাগ ‘বয়স্ক ভাতার’ আওতায় আনা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ১৫০ উপজেলায় সম্প্রসারণ করে ৮ লাখ জন নতুন উপকারভোগী যোগ হবে নতুন অর্থবছরে। বিধবা ও স্বামী নিগৃহীতা ১৫০ উপজেলায় ৪ লাখ ২৫ হাজার জন নতুন উপকারভোগী যোগ হবে। সর্বশেষ প্রতবন্ধী শনাক্তকরণ জরিপ অনুযায়ী অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২ লাখ ৮ হাজার জনে বৃদ্ধি পাবে।