শিক্ষা খাতে বরাদ্দ সামান্য বাড়ল

আসন্ন অর্থবছরে (২০২১-২২) প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৭১ হাজার ৯৫১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিদায়ি অর্থবছরের চেয়ে এবার ৫ হাজার ৫৫১ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষায় ২৬ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়, যা চলতি অর্থবছরে (২০২০-২১) বরাদ্দ ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়, যা চলতি অর্থবছরে ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ৯ হাজার ১৫৪ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান অর্থবছরে ছিল ৮ হাজার ৩৪৫ টাকা।

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় এমপিও খাতে বরাদ্দের কোনো কথা বলা হয়নি। তিনি বলেন, করোনাকালে শুধু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে অনলাইনে ২৯ লাখ ৯ হাজার ৮৪৪টি ক্লাসের আয়োজন করা হয়। মোট ২০ হাজার ৪৯৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৫ হাজার ৬৭৬টি এবং ৪ হাজার ২৩৮টি কলেজের মধ্যে ৭০০টিতে অনলাইনে ক্লাস চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইনে মোট ৪ লাখ ৯৭ হাজার ২০০টি ক্লাসের আয়োজন করা হয়। এসব ক্লাসে ২ কোটি ৭৬ লাখ ৯১ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। বিদ্যালয় পর্যায়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য ৪১ হাজার ৫০১ জন শিক্ষার্থীকে সহজ শর্তে ঋণ দেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজেট প্রস্তাবে বলা হয়েছে, ‘প্রজ্ঞাপনের মাধ্যমে প্রযোজ্য সাধারণ করহার হ্রাস করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজ থেকে উদ্ভূত আয়ের ১৫ শতাংশ হারে কর নির্ধারণ করা হয়েছিল। ২০১০ সাল থেকে এসব প্রতিষ্ঠানের ওপর কর আরোপ করা হয়েছিল। তবে মামলার কারণে আদায় হয়নি। মামলা নিষ্পত্তি হওয়ায় এখন নতুন করে ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে।’

অন্যদিকে আগামী অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে বরাদ্দ রয়েছে কী না তা জানার আগ্রহ ছিল অনেকেরই। বিশেষ করে করোনার প্রাদুর্ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা চরম মানবেতর জীবন-যাপন করছেন। তবে অর্থমন্ত্রী তার বাজেটে বক্তৃতায় এ ব্যাপারে কিছু বলেননি।

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, আগামী অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আমরা বরাদ্দ চেয়েছি। তবে বরাদ্দ রাখা হয়েছে কী না তা বিস্তারিত বাজেট দেখে জানা যাবে। আরো দুই-এক দিনের মধ্যে আমরা এ ব্যাপারে জানাতে পারব।