রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে এক মাস পর কেবিনে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বেগম জিয়ার মেডিক্যাল টিমের একজন চিকিত্সক জানিয়েছেন, তার হার্ট, ডায়াবেটিসসহ অন্য সমস্যাগুলোর উন্নতি হওয়ায় কেবিনে নেওয়া হয়েছে। এখানে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। কয়েক দিন পর বলা যাবে তাকে কবে বা কখন বাসায় নেওয়া যাবে।
গত ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ছয় দিন পর ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে জরুরিভাবে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের হূদেরাগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিত্সা চলছে। এর আগে গত ১০ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা’য় করোনা ভাইরাসে আক্রান্ত হন। করোনামুক্ত হন ৯ মে।