পুরান ঢাকার নিমতলী এলাকায় ১১ বছর আগে ভয়াবহ আগুনে নিহত ১২৪ জনকে চোখের জলে স্মরণ করলেন স্বজনরা। গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে স্থাপিত স্মৃতিফলকে ফুল দিয়ে নিহতদের স্মরণ করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। প্রতিবারের মতো এবারও একই দাবি উত্থাপন করেছেন। তারা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে দায়ীদের চিহ্নিত করতে হবে। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলতে হবে।
দিনটি স্মরণে গতকাল পরিবেশ আন্দোলন (বাপা)সহ বিভিন্ন সংগঠন মানববন্ধন করে। সংগঠনটির সদস্য নাজিম উদ্দিন বলেন, বাড়ির মালিকদের রাসায়নিক গুদাম ভাড়া বন্ধ করতে হবে। তিনি বলেন, ‘বছরের পর বছর চলে গেল, আমাদের দুঃখের কথা শেষ হয় না। এ ধরনের ঘটনা যেন না ঘটে তা চাই।’