বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি গ্রাহকদের প্রত্যাশা পূরণে দ্রুত বিদ্যুত্ সংযোগ প্রদানসহ সেবার মান আরো উন্নত করার জন্য তিনি ডেসকোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড এয়ারপোর্ট রোডের পাশে নিকুঞ্জ-২-এ নিজস্ব দুই বিঘা জমিতে প্রধান কার্যালয় ভবন নির্মাণ চুক্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ছয় বেইজমেন্টবিশিষ্ট বহুতল ভবন বাংলাদেশে এই প্রথম নির্মিত হচ্ছে। প্রধান সড়কের পাশে আধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ডিজাইনের এই ভবনটি নির্মিত হলে ডেসকো তথা বিদ্যুত্ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
ডেসকোর নিজস্ব অর্থায়নে ছয় বেইজমেন্টবিশিষ্ট ১২ তলা ভবনটি নির্মাণে ব্যয় হবে ২৮১ কোটি টাকা। ভবনটি নির্মাণের জন্য ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিঃ (এনডিই)-এর সঙ্গে বৃহস্পতিবার ডেসকোর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিদ্যুত্ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুত্ বিভাগের অতিরিক্ত সচিব ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান প্রকৌ. শেখ ফয়েজুল আমীন পিইঞ্জ। অনুষ্ঠানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. কাওসার আমীর আলী ভবনটির নকশা, প্রাক্কলনসহ বিভিন্ন আকর্ষণীয় দিক তুলে ধরেন।