সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য স্থানীয় ট্রাভেল এজেন্টরা এখন থেকে হোটেল ভাড়া করতে পারবে। গতকাল বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি এয়ারলাইনসের আর্থিক ও সফটওয়্যার চ্যানেলের মাধ্যমে সৌদি এয়ারের তালিকাভুক্ত ৩০০র বেশি স্থানীয় ট্রাভেল এজেন্ট সৌদি আরবে হোটেল বুকিং করতে পারবে।
একই সঙ্গে গত ২০ মে থেকে যেসব প্রবাসী হোটেল বুকিংয়ের জটিলতার কারণে যেতে পারেননি, বিনা খরচে পুনরায় তাদের টিকিট ইস্যু করতে সম্মত হয়েছে সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষ। টিকিটের তারিখ পরিবর্তন তথা রিইস্যু কাওরান বাজারস্থ সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইনস অফিসের পাশাপাশি ট্রাভেল এজেন্ট থেকেও করা যাবে।
এছাড়া যারা সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইনসে আপ-ডাউন টিকিট ক্রয় করে দেশে আসবেন তারা টিকিট রিকনফার্ম বা তারিখ পরিবর্তনের কাজ ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ অন্যান্য শহরে অবস্থিত তালিকাভুক্ত ট্রাভেল এজেন্ট থেকে করতে পারবেন।