প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলাম

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে যোগ না দেওয়ায় বিপর্যয় মোকাবিলা আইনে তিন দিন আগে শোকজ করা হয়েছিল পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। গতকাল বৃহস্পতিবার সেই শোকজের জবাবে আলাপন বলেছেন, গত ২৮ মে কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে আমি ছিলাম। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ছিলেন। মুখ্যমন্ত্রীর অধীনে আমাকে কাজ করতে হয়। তার নির্দেশ পালন করতে হয়। তিনি যখন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে যান, আমিও তার সঙ্গে বেরিয়ে যাই।

প্রসঙ্গত, কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী মোদির বৈঠকে না থাকায় তাকে শোকজ করা হয়। তিন দিনের মধ্যে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে নবান্ন সূত্র জানিয়েছে, গতকাল পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরেকটি চিঠি দিয়েছেন। এ ব্যাপারে তিনি পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন।