ধার-দেনার ‘অধমর্ণের’ বাজেট :মঈন খান

বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ড. আব্দুল মঈন খান বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে এসে আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিয়েছে, যা হলো একটি ‘অধমর্ণের বাজেট’ (ধার-দেনার, অধম+ঋণ)। মোট বাজেটের ৩৫ দশমিক ৫৬ শতাংশ, অর্থাত্ এক-তৃতীয়াংশের বেশিই হলো ঘাটতি, যা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। তিনি বলেন, বিএনপি অতীতে এদেশকে বৈদেশিক ঋণনির্ভরতা থেকে বারবার বের করে আনার চেষ্টা করেছে আর আওয়ামী লীগ তাদের বিশৃঙ্খল মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বারবার বৈদেশিক নির্ভর করে দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের আগেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। এবারের বাজেট তারই চরম বহিঃপ্রকাশ।