মদে ২০ শতাংশ অগ্রিম কর বাড়ানোর প্রস্তাব বাড়ছে সিগারেটের দাম

আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অ্যালকোহল জাতীয় মাদকদ্রব্যে ২০ শতাংশ অগ্রিম কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে, রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে জর্দা ও বিড়ি-সিগারেটের ক্ষেত্রে দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে এখন থেকে সিগারেট কিনতে বেশি অর্থ গুনতে হবে ধূমপায়ীদের।

সিগারেটের নিম্নস্তরের ১০ শলাকার দাম ৩৯ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এ ছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৬৩ টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১০২ টাকা ও তদূর্ধ্ব, অতি উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১৩৫ টাকা ও তদূর্ধ্ব এবং এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়। তবে স্থানীয় বিড়িশিল্পের ওপর বাড়তি চাপ দেননি অর্থমন্ত্রী। বাজেট প্রস্তাবে বলা হয়েছে, পূর্ববর্তী বছরের ন্যায় যন্ত্রের সাহায্য ব্যতীত হাতে তৈরি ফিল্টার বিযুক্ত বিড়ির ২৫ শলাকার দাম ১৮ টাকা, ১২ শলাকার দাম ৯ টাকা ও ৮ শলাকার দাম ৬ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করছি। ফিল্টার সংযুক্ত বিড়ির ২০ শলাকার দাম ১৯ টাকা ও ১০ শলাকার দাম ১০ টাকা এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করছি।