১০ বছরের কর ছাড় পাবে মেইড ইন বাংলাদেশ পণ্য

দেশীয় উত্পাদকদের উত্সাহিত করতে কর ছাড় সুবিধা দেওয়া হচ্ছে। প্রস্তাবিত বাজেট উপস্থাপনে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠায় দেশীয় উদ্যোক্তাদের ১০ বছর কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজেট উপস্থাপনায় তিনি বলেন, দেশে মেগা শিল্পের বিকাশ এবং আমদানি বিকল্প শিল্পোত্পাদনকে ত্বরান্বিত করতে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে অটোমোবাইল, থ্রি হুইলার এবং ফোর হুইলার উত্পাদনকারী কোম্পানিকে শর্তসাপেক্ষে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি এবং আরো কিছু শর্তে আরো ১০ বছর কর অব্যাহতি  প্রদানের প্রস্তাব করেন তিনি। এছাড়া হোম অ্যাপ্লায়েন্সেস ও কিচেন অ্যাপ্লায়েন্সেস পণ্য এবং হালকা প্রকৌশল শিল্পের পণ্যের উত্পাদনকারী কোম্পানিকে শর্ত সাপেক্ষে ১০ বছর মেয়াদি কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।  এর ফলে দেশীয় শিল্প উত্সাহিত হবে বলে মনে করেন অর্থমন্ত্রী।