রাজধানীর হাতিরঝিলে পৈতৃক সম্পত্তি দখল করতে একের পর এক মিথ্যা মামলায় পরিবারের সবাইকে গ্রেফতার করে নির্যাতন ও হয়রানি করছে থানাপুলিশ। গতকাল দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোজিনা বেগম এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে রোজিনা বেগমের মেয়ে শারমিন আক্তার শান্তা, বোন স্বপ্না আক্তার, ইতি বেগম ও সাহানা বেগম উপস্থিত ছিলেন।
রোজিনা বেগম বলেন, হাতিরঝিল থানার নয়াটোলা ৭ নম্বর মীরবাগে আমার চাচার বসতবাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলাম। চাচা মারা যাওয়ার আগে থেকেই চাচাতো ভাইবোনেরা বিদেশে থাকেন এবং তারা বিত্তশালী হওয়ায় বাড়িটি আমাদের ছেড়ে দেন। কিন্তু আমাদের প্রতিবেশী মজিবুল হক ও তার স্ত্রী শবনম আফরোজ নাসরিন জাল দলিল করে এই বাড়ির মালিকানা দাবি করে দখলের চেষ্টা করছে। কিন্তু আমাদের বাধার কারণে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করছে। এসব বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় মজিবুল হক খান ও তার স্ত্রী শবনম আফরোজ নাসরিন, হাতিরঝিল থানার ওসিসহ কয়েক জন পুলিশ আমাদের বাড়ি থেকে আমার ভাইকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর দিন সকালে আমি থানায় গেলে ওসি আমাকে আটক করে তার রুমে নিয়ে অমানুষিক নির্যাতন চালায়। এতে আমি অচেতন হয়ে পড়লে পুলিশ আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিত্সা দেয়। পুলিশ আমার ভাইয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও করে। এখন পুলিশের পক্ষ থেকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য একের পর এক হুমকি দেওয়া হচ্ছে।
অভিযোগের ব্যাপারে হাতিরঝিল থানার ওসি হারুন অর রশীদ বলেন, ঐ পরিবারটি প্রকৃতপক্ষে মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বহু মামলা রয়েছে। তারা যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা।