চীনে রেললাইনে কর্মরতদের ওপর উঠে গেলো ট্রেন, নিহত ৯

চীনের গানসু প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন। প্রদেশের জিনচং শহরে রেলের রক্ষণাবেক্ষণ কর্মীরা লাইনের ওপর কাজ করছিলেন। দ্রুতগতির একটি ট্রেন তাদের ওপর উঠে যায়। শুক্রবার (৪ জুন) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি উরুমকি থেকে হাংঝুতে যাচ্ছিল। স্থানীয় সময় ভোর পাঁচটা ২৫ মিনিটে জিনচং শহরে লাইনের কাজ করতে থাকা কর্মীদের ট্রেনটি চাপা দেয়। উদ্ধার প্রচেষ্টা চালানোর জন্য মেডিকেল ও জরুরী দল মোতায়েন করা হয়েছে।

এই দুর্ঘটনা কীভাবে ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন চীনা নেটিজেনরা। মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একজন লিখেছেন, শ্রমিকরা যদি রক্ষণাবেক্ষণের কাজ চালাচ্ছিলেন তবে ট্রেন চালকদের এটি সম্পর্কে জানা উচিত ছিল। আরেকজন লিখেছেন, এ জন্য কে দায়ী এবং তিনি কী করছেন?

ইত্তেফাক/এসএ