গেমিং টুর্নামেন্টের প্রাইজমানি ২৪ লাখ টাকা, খেলবে বাংলাদেশের ১৬ দল

দক্ষিণপূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য, মধ্য-দক্ষিণ এশিয়াতে ই-স্পোর্টসের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। আজ শুক্রবার একটি মোবাইল গেমের টুর্নামেন্টের ফাইনাল হবে যার প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ২৪ লাখ টাকা। সেখানে দেশের সেরা ১৬টি দল অংশ নেবে।

জানা যায়, মোবাইল গেমটির নাম পাবজি। বাংলাদেশে এর জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকায় পাবজি কর্তৃপক্ষ শুধু বাংলাদেশের গেমারদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

এ প্রসঙ্গে পাবজি মোবাইল ক্যাম্পাস অ্যাম্বাসেডর ফজলে রাব্বি ইত্তেফাক অনলাইনকে জানান, বাংলাদেশিদের জন্য স্থানীয়ভাবে পাবজি মোবাইল গেম কর্তৃপক্ষ ‘পাবজি মোবাইল ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপ’ (পিএমসিসি) নামে দুইটি টুর্নামেন্টের আয়োজন করেছে। সেখানে দ্বিতীয় সিজনের ফাইনালে আজ দেশসেরা ১৬টি দল অংশ নেবে। ৪, ৫ ও ৬ জুন দলগুলো নিজেদের মধ্যে ১৫টি ম্যাচ খেলবে। সেখানে পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।

আরও জানা যায়, এই টুর্নামেন্টের প্রাইজমানি ২৪ লাখ টাকা। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও ভালো সারা দিয়েছে গেমিংয়ে আগ্রহী অনেকে। এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্থান থেকে মোট ১৯ হাজার ৫২০টি দল নিবন্ধন করেছে। সেখান থেকে উঠে এসেছে ১৬টি দল।

টুর্নামেন্টটি সরাসরি ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখা যাবে। আজ শুক্রবার, আগামীকাল শনিবার ও পরেরদিন রবিবার প্রতিদিন বিকেল ৫টায় শুরু হবে এই প্রতিযোগিতা।

ই-স্পোর্টস কি?

অনলাইনভিত্তিক কম্পিউটার কিংবা মোবাইল গেমিং টুর্নামেন্টগুলোকে বলা হয় ইলেকট্রনিক স্পোর্টস বা ই-স্পোর্টস। পশ্চিমা দেশগুলোতে বড় বড় মিলনায়তন ও স্টেডিয়ামে জাকজমকভাবে এসব টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশ নেওয়া গেমারদের বলা হয় পেশাদার ই-স্পোর্টস খেলোয়াড়। তারা দলগত কিংবা এককভাবে টুর্নামেন্টে অংশ নিতে পারেন।

ইত্তেফাক/টিআর