যুক্তরাষ্ট্রে পাকিস্তানকে লাঞ্চিত করার অভিযোগ গভর্নরের বিরুদ্ধে

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী মুহাম্মদ সরোয়ার। কিন্তু তিনি সেখানে পাকিস্তানকে লাঞ্চিত করেন বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে নিজ এনজিও প্রতিষ্ঠান সরোয়ার ফাউন্ডেশনের জন্য বিভিন্নভাবে ৪০ হাজার মার্কিন ডলার অর্থ উপার্জন করেছেন। আর এই অর্থগুলো ওয়াশিংটন ডিসিতে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের কাছ থেকে তোলা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ফ্রন্টিয়ার পোস্ট।

সেখানে বলা হয়েছে, টেক্সাসে ভাতিজির বিয়েতে অংশগ্রহণ করেন গভর্নর। এরপর সফরটিকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে  ওয়াশিংটন ডিসিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসে যান।

অভিযোগ উঠেছে, নিজের (গভর্নর) স্ত্রীর নামে ব্যাংক চেক লিখতে পাকিস্তানি আমেরিকান ব্যবসায়ীদের নির্দেশ চৌধুরী মুহাম্মদ সরোয়ার। সেই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পিটিআই প্রেসিডেন্ট জনি বশির গভর্নরকে ১০ হাজার ডলার দিয়েছেন। বিনিময়ে শিগগিরই পাকিস্তানে উদ্বোধন করতে যাওয়া ই-পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবসার জন্য গভর্নরের কাছে সহায়তা চান জনি বশির।

এর বাহিরে যারা অর্থ দিয়েছেন তাদের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি মিলেছে এবং আশ্বাস দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে পাকিস্তানে গেলে তাদেরকে গভর্নরের পক্ষ থেকে বিশেষ যত্ন করা হবে। তাদের মধ্যে একজন টেক্সাসের বাসিন্দা জনাব তাহির। তিনি গভর্নরকে নগদ ১০ হাজার ডলার দিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সফরকালে ওয়াশিংটন ডিসির উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অবস্থান করেন পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী মুহাম্মদ সরোয়ার। সেখানে তিনিসহ তার সফরসঙ্গীদের জন্য চার-পাঁচটি রুম বরাদ্দ করা হয়। যেগুলোর বিল (প্রায় ১০ হাজার ডলার) পরিশোধ করেন পাকিস্তানি বংশোদূত মার্কিন রিপাবলিকান এক রাজনৈতিক ব্যক্তিত্ব।

ওয়াশিংটন ডিসির পাকিস্তানি এক কূটনীতিক দ্য ফ্রন্টিয়ার পোস্টকে বলেন, পাকিস্তান আমেরিকান রাজনীতিবিদ সাজিদ তারার এবং পাকিস্তানি দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে পাঞ্জাবের গভর্নরের বক্তৃতায় তিনি অপমানিত হয়েছেন। এক ব্যবসায়ী বলেন, একেই বলে এক ঢিলে একাধিক পাখি শিকার করা।

অপর এক ব্যবসায়ী বলেন, গভর্নরের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল মার্কিন ব্যবসায়ীদেরকে পাকিস্তানে বিনিয়োগের জন্য উৎসাহিত করা। কিন্তু তার উদ্দেশ ছিল ভিন্ন।

এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, কেবল ওয়াশিংটন ডিসি থেকেই ৪০ হাজার ডলার অর্থ নিয়েছেন গভর্নর। এ ছাড়া টেক্সাস, কানসাস, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং স্যাক্রামেন্টো সফরকালে তিনি যে অর্থ উপার্জন করেছেন সেগুলো এখানে যোগ করেননি।

ইত্তেফাক/টিএ