আর্মেনিয়ার হামলায় আজারবাইজানের ২ সাংবাদিক নিহত

রাস্তার পাশে পুঁতে রাখা আর্মেনিয়ার বোমা বিস্ফোরণে আজারবাইজানের অন্তত ২ জন সাংবাদিক নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুন) ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে বাসে করে কালবাজার অঞ্চল অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

বিস্ফোরণে নিহতরা হলেন- রাষ্ট্রীয় বার্তা সংস্থা আজারট্যাকের সাংবাদিক মেহেররেম ইব্রাহিমভ এবং আজারবাইজানের রাষ্ট্রীয় টেলিভিশন এজেডটিভির ক্যামেরাম্যান সেরাক আবিশভ। আহতরা এজেডটিভির কর্মচারী।

প্রতিবেদনে বলা হয়েছে, কালবাজার অঞ্চলটি বিগত তিন দশক ধরে আর্মেনিয়ার দখলে ছিল। গতবছর তাদের দখল থেকে এটিকে মুক্ত করে আজারবাইজানের সেনাবাহিনী।

টানা ৪৪ দিনের তীব্র সহিংসতার পর ২০২০ সালের ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই প্রতিবেশি আর্মেনিয়া ও আজারবাইজান। চুক্তি অনুসারে, কারাবাখ অঞ্চলের যে এলাকাগুলো যারা দখল করেছে তা চিরস্থায়ীভাবে তাদের। ফলে আর্মেনিয়ার দখল থেকে অনেক অঞ্চলকেই মুক্ত করতে সক্ষম হয় আজারবাইজান।

ইত্তেফাক/টিএ