পরমাণু চুক্তির ব্যাপারে প্রতিশ্রুতি নয়, পদক্ষেপ চায় ইরান: খামেনি

বিশ্বশক্তিগুলোর সঙ্গে ২০১৫ সালে হওয়া পারমাণবিক চুক্তিকে পুনরায় চালু করতে কোনো ধরনের প্রতিশ্রুতি নয়, বরং কার্যকর পদক্ষেপ চায় তেহরান। শুক্রবার (৪ জুন) এক টেলিভিশন বক্তব্যে এ কথা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, আলোচকদের বলেছি যে, পরমাণু চুক্তি পুনরায় চালু করতে বিশ্বশক্তি দেশগুলোর (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়া) কাছ থেকে প্রতিশ্রুতি নয়, বরং কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

ওয়াশিংটন এবং তেহরানকে পূর্ণ সম্মতির ভিত্তিতে পরমাণু চুক্তিতে ফিরিয়ে আনতে গত এপ্রিলের শুরু থেকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিশ্বশক্তিগুলো।

এর আগে ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি তেহরানের ওপর অর্থনীতি ও অস্ত্রখাতসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন।

পরবর্তীতে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কয়েকগুণ বাড়িয়ে দেয়।

গত বুধবার আলোচনার সমন্বয়কারী ইউরোপীয় ইউনিয়নের দূত বলেন, তিনি বিশ্বাস করেন যে, আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া আলোচনার পরবর্তী ধাপের চুক্তির ব্যাপারে কিছুটা অগ্রগতি হতে পারে।

ইত্তেফাক/টিএ