ইসলামপুরে বিদ্যুত্স্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে শুক্রবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—চাচা রিপন আকন্দ (৩০) ও তার ভাতিজা আলিফ আকন্দ (১২)। উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান হারুন আর রশিদ জানান, মুদি দোকানদার রিপন আকন্দের দোকানে হালখাতা চলছিল। এ উপলক্ষ্যে দোকানে মাইক বাজাচ্ছিলেন। মাইকে শাহজামাল আকন্দের ছেলে মাদ্রাসাছাত্র আলিফ আকন্দ গজল গাইতে যায়। এ সময় চাচা রিপন আকন্দ মাইকের হর্ন অন্যদিকে ঘোরানোর সময় বিদ্যুত্স্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গেই রিপনও স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই চাচা-ভাতিজার মৃত্যু হয়। ইসলামপুর থানার ওসি মোহাম্মদ মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।