গাজীপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু আজ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেছেন,  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে যাতে একটি শিশুও বাদ না যায়, সে জন্য সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত নগরীর ৪৩৯টি কেন্দ্রে ২ লাখ ৭৩ হাজার ৩৪৯ জন শিশুকে এ টিকা খাওয়ানো হবে। গতকাল তিনি নগরীর মেয়রের নিজস্ব বাসভবনের সভাকক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাস্থ্য কর্মকর্তা রহমত উল্লাহ জানান, মহানগরীতে ৬-১১ মাস বয়সি ৩১ হাজার ৫৩৬ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ২ লাখ ৪১ হাজার ৮১৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।