আশুলিয়ায় পুলিশের ওপর পরিবহন চাঁদাবাজদের হামলা, গ্রেফতার ৩

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় দুর্বৃত্তদের আটক করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ পরিবহনে চাঁদাবাজির অভিযোগে তিন জনকে গ্রেফতার করলেও পালিয়ে যায় আরো ছয় জন। এ ঘটনায় হামলার শিকার ঐ পুলিশ কর্মকর্তা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবহনে চাঁদাবাজির সময়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—আশুলিয়ার কাইচাবাড়ি কালারটেক এলাকার ইদ্রিস আলীর ছেলে মামুন, টাঙ্গাইল জেলার মধুপুরের দরিহাতি গ্রামের শমসের মিয়ার ছেলে রাজ্জাক মিয়া এবং সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার কান্দাপাগা গ্রামের নুরুল হোসেনের ছেলে আলমগীর হোসেন।

পলাতকরা হলো—আশুলিয়ার বাইপাইল পূর্বপাড়া এলাকার মৃত মীর আলী মন্ডলের ছেলে বাদশা মন্ডল, একই এলাকার স্বপনের বাড়ির ভাড়াটিয়া মেহেদী, ইউনিক এলাকার সেলিম, গাজিরচট এলাকার আনোয়ার হোসেন, টাঙ্গাইল মধুপুর থানার জলছত্র গ্রামের হূদয় ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানার সুজন।

পুলিশ জানায়, আশুলিয়ার বাইপাইল এলাকার ট্রাকস্ট্যান্ডের সামনে কিছু চাঁদাবাজ বিভিন্ন পরিবহন থামিয়ে চাঁদা আদায় করে আসছিল। এর ফলে মহাসড়কে যানজট লেগে থাকতো এবং ভোগান্তির শিকার হতো গণপরিবহনে চলাচলকারী যাত্রীরা। বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানার এসআই হারুন-অর-রশিদ এবং আসাওয়াদুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের চাঁদা আদায় বন্ধ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় প্রায় ২০/৩০ জন পরিবহন চাঁদাবাজ কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। বিষয়টি থানায় জানানো হলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনকে গ্রেফতার করে। এদের মধ্যে দুই জনের কাছ থেকে চাঁদাবাজির ৪ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। আশুলিয়া থানার এসআই মো. হারুন-অর-রশিদ জানান, দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজরা বাস, ট্রাক ও পিকআপ থেকে চাঁদা আদায় করে আসছিল। বৃহস্পতিবার রাতে চাঁদাবাজির সময় তিন জনকে গ্রেফতার করে মামলা দায়ের করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।