ডায়িং কারখানার বয়লারের পানিতে পাঁচ শ্রমিক দগ্ধ

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় একটি ডায়িং কারখানার বয়লারের গরম পানি শরীরে পড়ে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার কুটুরিয়া এলাকায় এসডিএস ইয়ার্ন ডায়িং নামক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে চার শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় দুই জনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে এবং দুই জনকে বার্ন ইউনিউটে চিকিত্সা দেওয়া হচ্ছে।

দগ্ধ শ্রমিকরা হলেন :মো. হাসান, রাশেদুল, আনোয়ার , ওয়াশিম  ও সন্দ্বীপ। কারখানাটির অন্য শ্রমিকরা জানান, কারখানাটিতে যেখানে বয়লারে পানি গরম করা হয় সেখানেই তারা রঙের কাজ করেন। মাঝেমধ্যেই  বয়লারের পানি গায়ে পড়ে দগ্ধ হন শ্রমিকরা। বৃহস্পতিবার একই ভাবে বয়লারের গরম পানি গায়ে পড়ে পাঁচ শ্রমিক দগ্ধ হন।

এ ব্যাপারে কারখানার ইনচার্জ শফিকুল বলেন, তাদের কারখানায় তেমন কোনো ঘটনা ঘটেনি। সামান্য সমস্যা হয়েছিল, তা সমাধান হয়ে গেছে। এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. শফিক বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গরম পানিতে দগ্ধ চার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।