আরো পজিটিভ ফুটবল খেলবে বাংলাদেশ —কোচ জেমি ডে

স্পোর্টস রিপোর্টার

কাতারে চলছে ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। জামাল ভুইয়াদের ‘ই’ গ্রুপের তিনটি ম্যাচ বাংলাদেশে হওয়ার কথা ছিল। করোনার কারণে নানা অজুহাতে এএফসি, ফিফার অনুরোধে কাতারের চাওয়া পূরণ করতে ঘরের মাঠের খেলা পরের মাঠে খেলতে হচ্ছে বাংলাদেশকে।

আফগানিস্তানের আগ্রাসি দলকে ঠেকানোর পর বাংলার ফুটবলারদের মনে বাড়তি শক্তি যেমন এসেছে, তেমনি খেলোয়াড়দের সাহসটাও বেড়েছে। 

 কোচ জেমি ডে বলেছেন, বাকি দুই ম্যাচেও পজিটিভ ফুটবল খেলবে বাংলাদেশ। কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে খেলা শেষে কোচ জেমি বলেছেন, আমি জানতাম আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা খুবই কঠিন হবে। ম্যাচের আগের দিনও আমার ছেলেদের বলেছিলাম। আফগান দলে কিছু ভালো খেলোয়াড় আছেন, যারা আমাদের চেয়ে এগিয়ে থাকবে। বল পজেশনে পেরে ওঠা যাবে না। আমার মনে হয় আমরা প্রথমার্ধে ভালো খেলেছি। ওরা যেমন সুযোগ পেয়েছিল আমরাও সুযোগ পেয়েছি।’ পিছিয়ে পড়া নিয়ে জেমি বলেন, এটা আর কিছুই না।

আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে নেমে আপনি যদি এক মুহূর্তের জন্য মনোযোগ হারান সেটাই আপনার জীবন শেষ করে দেবে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই যেটা হয়েছে। আমরা গোল হজম করলাম। শেষ ২০ মিনিট প্রসঙ্গে জেমি বললেন, ‘শেষ ১৫-২০ মিনিটে আমরা পুরো ম্যাচের ছবিটাই বদলে দিয়েছি। আক্রমণে খেলোয়াড় বাড়িয়েছিলাম। শেষ ২০ মিনিটের খেলায় বলা যায় গোল পাওয়াটা আমাদের প্রাপ্য ছিল। যা-ই হোক পয়েন্ট পেয়েছি আত্মবিশ্বাস পেয়েছি। পরের দুই ম্যাচে কাজে আসবে। ভারত ও ওমানের বিপক্ষে আরো পজিটিভ ফুটবল খেলতে পারব।’