একসঙ্গে নতুন চুক্তিতে অপু-ইমন

 বিনোদন রিপোর্ট

 

সময়টা সিনেমাকর্মীদের জন্য মোটেই ভালো যাচ্ছে না। বেশকিছু ছবির কাজ চললেও তারকারা বিভিন্ন ইভেন্ট বা একাধিক ব্র্যান্ডের প্রচারক হিসেবে জীবিকানির্বাহ করতে। তাই এখন সিনেমার জুটির চাইতে বেশি দেখা যায় অমুক ইভেন্টে প্রথম জুটি বেঁধে নাচলেন, অমুক ফেসবুকে একসঙ্গে প্রথম লাইভে এলেন। অপু বিশ্বাস-ইমনের ক্ষেত্রেও তাই হলো।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইমনের সঙ্গে ব্যক্তিসম্পর্ক অপু বিশ্বাস-শাকিব খান দু’জনের সঙ্গেই ভালো। তবে ছবি করা হয়নি অনেকদিন। এর ভেতরে ইমন বেশকিছু নতুন গেটআপের ছবি ও পোস্টার প্রচার পেলেও ছবি আর হলে গড়ায়নি। এই দু’জন জুটি বেঁধে অভিনয় করেছেন ‘এক বুক ভালোবাসা’ নামের সিনেমায়। এরপর আর তাদের একসঙ্গে সিনেমায় দেখা মেলেনি। এবার আবার তারা জুটি বেঁধেছেন, তবে কোনো সিনেমায় নয়, একটি ব্র্যান্ডের প্রচারক হিসেবে কাজ করবেন তারা।

অপু বিশ্বাস বলেন, ‘আমাদের মতো শোবিজকর্মীদের এটাও একটা দায়িত্ব। এমন না যে এটি শুধু বাংলাদেশেই হচ্ছে। সারাবিশ্বের তারকারাই একাধিক ব্র্যান্ডের ক্যাম্পেইনে বিকল্প উপার্জন করে থাকেন।’

উল্লেখ্য, গত ১ জুন রাজধানীতে একটি প্রডাক্ট ক্যাম্পেইনের ফটোশুটে তারা অংশ নেন।

ইমন বলেন, ‘অপু বিশ্বাস বরাবরই আমার প্রিয় অভিনেত্রী। আমার ক্যারিয়ারে শুরুর দিকে তার সঙ্গে কাজ করেছি। এরপর আর সিনেমা করা হয়নি। আবার একসঙ্গে একটা কাজ হলো। আমরা সিনেমা নিয়েও কথা বলেছি। শিগগিরই হয়তো খবর দিতে পারবো।’

উল্লেখ্য, অপু বিশ্বাস বর্তমানে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ছায়াবৃক্ষ’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামের দুটি সিনেমা।