বিনোদন ডেস্ক
অনেক আগেই বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের নতুন হরর কমেডি সিনেমা ‘ভুত পুলিশ’-এর কাজ শেষ হয়েছে। সিনেমাটিতে প্রথমবারের মতো সাইফ আলী খানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে এই শ্রীলঙ্কান সুন্দরীকে। এছাড়াও এতে বাড়তি চমক হিসেবে রয়েছেন অজুন কাপুর ও দক্ষিণী তারকা ইয়ামি গৌতম। শুরু থেকেই সিনেমাটি নিয়ে বলিপ্রেমীদের আগ্রহের কমতি নেই। কিন্তু করোনার কারণে এতদিন আটকে ছিল সিনেমাটির আলোর মুখ দেখা। অবশেষে জ্যাকুলিন ভক্তদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। আগামী সেপ্টেম্বরেই পর্দায় আসছে সিনেমাটি। তবে ‘ভুত পুলিশ’ সিনেমা হলে নয়, ওটিটি প্লাটফর্মে মুক্তি দেওয়া হবে। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছেন সিনেমাটির প্রযোজক রমেশ তাওরানি। এ নিয়ে রমেশ বলেন, ‘সিনেমাটি ওটিটিতে ছাড়া মুক্তির কোনো উপায় আপাতত দেখছি না। কারণ আগামী নভেম্বরের আগে সিনেমা হলগুলো খুলবে কি-না সে বিষয়ে সন্দেহ রয়েছে। আবার খুললেও অর্ধেক দর্শক নিয়ে সেটা চালাতে হবে। এত বড় পরিসরের একটি সিনেমার জন্য যা খুবই আশঙ্কার। তাই বিকল্প মাধ্যমেই মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’ শুধু ‘ভুত পুলিশ’ নয়, করোনার এই সময়ে অনেক বিগ বাজেটের সিনেমা ওটিটিতে মুক্তি দিয়েছেন পরিচালকরা এবং আশানুরূপ সাফল্যও এসেছে সিনেমাগুলোর ঘরে। ‘রাধে:ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’, ‘সন্দ্বিপ অর পিংকি ফেরার’ সিনেমাগুলো সেই সাক্ষ্যই বহন করছে। সেই ধারাবাহিকতায় এখন অনেকেই ওটিটিতে ভরসা রাখছেন। সিনেমাটির ওটিটি মুক্তি ও সাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অনেককিছুই বদলে যায়। ওটিটিও তেমনই একটি বদলে যাওয়ার পথ। দর্শকরাও করোনাকালীন বিনোদনের রসদ এখানেই খুঁজছেন। তাই আমি মনে করি, অবশেষে ভুত পুলিশ ওটিটিতে মুক্তি পাচ্ছে এটা শুধু আমার নয়, সকলের জন্যই আনন্দের সংবাদ। এই সময়ে এসে পরিচালক-প্রযোজক সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। অনেক ভালো একটি গল্পে ভিন্নরূপে নিজেকে সিনেমাটিতে তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া সাইফের মতো একজন অভিনেতার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছি, এটা আমার ভক্তদের জন্য নতুন চমক। ক্যারিয়ারে নতুন কিছু যোগ হতে যাচ্ছে।’