বাউফলে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে। জানা গেছে, ধূলিয়া ইউনিয়নের পূর্ব চাঁদকাঠী ডিএস দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীর সঙ্গে কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের রাজ্জাক কাজীর ছেলে ফিরোজ কাজীর (২৮) বিয়ে ঠিক হয়। শুক্রবার বাদ জুমা কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে ছাত্রীর মামা আলাল ব্যাপারীর বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। বর বিয়ে বাড়িতে পৌঁছেও যান। আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পূর্বমুহূর্তে স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে ইউএনও জাকির হোসেন ঐ গ্রামের রিপন চৌকিদারকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়ে বন্ধ করেন।