সিলেটে আইনজীবী হত্যার ঘটনায় স্ত্রী গ্রেফতার

সিলেটে জেলা বারের আইনজীবী আনোয়ার হোসেন (৪২) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্ত্রী শিপ্রা বেগমকে গ্রেফতার করেছে এসএমপির কোতোয়ালি থানাপুলিশ। আদালতের মাধ্যমে বৃহস্পতিবার বিকালে তাকে কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানায়। এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে নগরের তালতলা এলাকার একটি বাসা থেকে শিপ্রাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য শিপ্রা বেগমের সাত দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্তু কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলী।

এদিকে অন্য এক আবেদনে নিহতের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের অনুমতিও চেয়েছেন তিনি। এ দুটি আবেদনের ওপর আগামী ৬ জুন বা ৭ জুন শুনানি হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার  সিলেট মহানগর হাকিম আদালতে বাদী হয়ে আইনজীবী আনোয়ার হোসেনকে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন নিহতের ভাই সিলেট সদর উপজেলার শিবেরবাজারের দীঘিরপার গ্রামের মনোয়ার হোসেন মামলায় শিপ্রা বেগমের খালাতো ভাই (বর্তমানে স্বামী) শাহজাহান চৌধুরী মাহিকে প্রধান আসামি ও শিপ্রাকে দ্বিতীয় আসামি করে আট জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো কয়েক জনকে আসামি করা হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ এস এম আব্দুল গফুর সংবাদমাধ্যমকে জানান, অ্যাডভোকেট আনোয়ার হোসেন সিলেট নগরের তালতলা এলাকায় নিজ বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন। কিন্তু তার অগোচরে স্ত্রী শিপ্রা বেগমের পরকীয়া সম্পর্ক চলছিল শাহজাহান চৌধুরী মাহি নামে একজনের সঙ্গে। এর জেরেই আনোয়ার হোসেনকে হত্যা করা হয়।

গত ৩০ এপ্রিল সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন। পরদিন বিকাল ৩টার দিকে স্ত্রী শিপ্রা বেগম সবাইকে জানান, আনোয়ার হোসেন ডায়াবেটিসে মারা গেছেন। পরে তাকে নিজের গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার শিবেরবাজারের দীঘিরপার গ্রামে দাফন করা হয়। পরবর্তী সময়ে আনোয়ার হোসেনের পরিবার জানতে পারে, পরকীয়ার জেরে আনোয়ার হোসেনকে হত্যা করেন স্ত্রীসহ কয়েক জন। এ ঘটনায় ১ জুন সিলেটের অতিরিক্ত চিফ মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হত্যামামলার আবেদন করেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন।