সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে আগামী ১৪ জুলাই উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ঐ দিন জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যবার্ষিকী হওয়ায় ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি তুলেছে দলটি। জাপা চেয়ারম্যান জি এম কাদের গতকাল শুক্রবার এক বিবৃতিতে এরশাদের মৃত্যুদিবসে তিনটি সংসদীয় আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করায় ‘দুঃখ’ প্রকাশ করেন। উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই এরশাদ মারা যান।
গতবছরও ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচন হয়েছিল। তখনও ভোট গ্রহণের তারিখ বদল করতে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেছিল জাপা। তবে ইসি তাতে সায় দেয়নি। বিষয়টি উল্লেখ করে জি এম কাদের গতকালের বিবৃতিতে বলেন, ‘গতবছরও ১৪ জুলাই দুটি আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করে কোটি কোটি এরশাদপ্রেমীর অন্তরে আঘাত করেছিল নির্বাচন কমিশন। তাই এবার এরশাদের মৃত্যুবার্ষিকী ১৪ জুলাইয়ের পরিবর্তে নির্বাচন কমিশন অন্য যে কোনো দিনে ভোট গ্রহণ করতে পারে।’ এরশাদের সহোদর জি এম কাদের আরো বলেন, ‘১৪ জুলাই জাপার নেতাকর্মী ও এরশাদের কোটি কোটি ভক্ত অনুরাগীর কাছে অত্যন্ত আবেগঘন দিন। এই দিনে সারা দেশে এরশাদের সাফল্যময় জীবনী নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল হয়।’
গত ১১ মার্চ সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের আসলামুল হক এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫ আসনের অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে আসন তিনটি শূন্য হয়। এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায় ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানালেও এরই মধ্যে তিনটি আসনেই অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাপা। উপনির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক দলীয় প্রার্থীদের মধ্যে শুক্রবার থেকে দলটি দলীয় মনোনয়ন ফরম বিতরণের কাজও শুরু করেছে। মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামী ৭ জুন।
ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে জাপার সম্ভাব্য দলীয় প্রার্থী অভ্যন্তরীণভাবে এখনো ঠিক হয়নি। তবে সিলেট-৩ আসনে জাপার সম্ভাব্য প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল। দলের সবুজ সংকেত পেয়ে এরই মধ্যে তিনি অনানুষ্ঠানিক নির্বাচনি প্রচারে নেমেছেন। যাচ্ছেন ঘরে-ঘরে। প্রতিদিনই রুটিন করে গণসংযোগ করছেন। করোনাকালে এলাকার গরিব-দুঃখীদের সহায়তায় নানা কর্মসূচি পালন করছেন।
বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা নিয়ে গঠিত সিলেট-৩ আসনটি নিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে জাপাও। এই আসনে দলীয় প্রার্থীকে জয়ী করতে আগাম নির্বাচনি কৌশল ঠিক করেছে দলটি। জাপা সূত্রে জানা গেছে, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচিত পরিচালক এবং সিলেটের আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক নজরুল ইসলাম বাবুলকে প্রার্থী করে তাকে জিতিয়ে আনতে বিশেষ দৃষ্টি থাকবে দলের।
নজরুল ইসলাম বাবুল জানান, মাহমুদ সামাদ চৌধুরী জীবিত থাকাকালীনই এলাকার মানুষ তাকে পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়ার অনুরোধ করেছেন। সে জন্যই তিনি উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছেন।