আগামী মাসে যান চলাচলের জন্য খুলছে পায়রা সেতু

দেশের সর্ব দক্ষিণের কুয়াকাটা সমুদ্রসৈকত এবং পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত ফেরিবিহীন সড়ক যোগাযোগ চালু এখন সময়ের ব্যাপার। লেবুখালীর পায়রা নদীর ওপর নির্মিত পায়রা সেতু (লেবুখালী সেতু) আগামী মাসে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এখন চলছে সৌন্দর্যবর্ধনসহ আনুষঙ্গিক কাজ। পায়রা নদীর ওপর নির্মাণাধীন লেবুখালী সেতুটি নির্মাণের জন্য ২০১৬ সালের ১২ এপ্রিল সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। কার্যাদেশে সেতু নির্মাণে ৩৩ মাস সময় বেঁধে দেয়া হলেও দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। অনুমোদিত নকশা অনুসারে পায়রা সেতুটি ১ হাজার ৪৭০ মিটার দীর্ঘ ও ১৯ দশমিক ৭৬ মিটার প্রশস্ততা নিয়ে ঐ বছরের ২৪ জুলাই কাজ শুরু হয়। ১ হাজার ৪৪৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

গতকাল শুক্রবার পায়রা সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আবদুস সবুর। এ সময় তিনি সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ের আগেই যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে। এটি এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সেতু। বরিশাল-পটুয়াখালীকে কুয়াকাটা পর্যটন কেন্দে র সঙ্গে সরাসরি যুক্ত করবে এই সেতু। ঠিকাদারি প্রতিষ্ঠানের আগামী অক্টোবর মাসে কাজ শেষ করার কথা থাকলেও আমরা জুলাই মাসের ৩০ তারিখের মধ্যে কাজ শেষ করার জন্য টার্গেট দিয়ে দিয়েছি। পায়রা সেতুটি হচ্ছে—আধুনিক মানের ফোরলেন-বিশিষ্ট সেতু। এটা সরকারের একটি মাইলফলক।