বাথরুমে গোসল করতে গিয়ে লাশ হলো চতুর্থ শ্রেণির ছাত্রী

চাঁদপুরের হাজীগঞ্জে বাথরুমে গোসল করতে গিয়ে লাশ হলো চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার (৮)। গতকাল (বৃহস্পতিবার) ৩ জুন হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নের (৯ নম্বর ওয়ার্ড) সুহিলপুর গ্রামের নিশ্চিতপুর করিম উদ্দিন হাজিবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার। ঘটনার দিন বিকালে গোসল করার উদ্দেশ্যে বাথরুমে প্রবেশ করে। ২-৩ ঘণ্টা পার হয়ে গেলেও সুমাইয়া গোসল করতে গিয়ে বাথরুম থেকে বের হয়নি। বের হতে না দেখে সুমাইয়ার মা সালমা আক্তারের সহযোগিতায় তার দাদা আবদুল মমিন বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

ওই সময় সুমাইয়ার লাশ বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে হাজীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পারিবারিক আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, কোনো পক্ষের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/কেকে