তিয়েনআনমেন স্কয়ার স্মরণ কর্মসূচির আয়োজক আটক

চীনের তিয়েনআনমেন স্কয়ারের ৩২তম স্মরণ কর্মসূচির আয়োজক চৌ হাং টুং নামের গণতন্ত্রপন্থি এক নারী সংগঠককে আটক করেছে হংকং পুলিশ। স্থানীয় সময় শুক্রবার সকালে তাকে আটক করা হয়। আটক চৌ হাং টুং ‘হংকং অ্যালয়েন্সের’ ভাইস চেয়ারপার্সন। এই সংগঠনটি তিয়েনআনমেন স্কয়ারের ৩২তম স্মরণসভাটির আয়োজক।

করোনা ভাইরাসের কারণে চীনে চলমান স্বাস্থ্যবিধি অমান্যের অভিযোগে তাকে আটক করা হয়। গণজমায়েত রোধে তিয়েনআনমেন স্কয়ারে মোতায়েন করা হয় প্রায় সাত হাজার পুলিশ সদস্য। ২০২০ সালেও মহামারীকালীন স্বাস্থ্যবিধির জন্য তিয়েনআনমেন স্কয়ারে জড়ো হতে দেওয়া হয়নি আন্দোলনকারীদের। এ নিয়ে টানা দ্বিতীয় বছর কোন আন্দোলনকারীকে সেখানে জমায়েত হতে দেওয়া হয়নি। ফেসবুকে তিয়েনআনমেন স্কয়ার স্মরণসভা নিয়ে পোস্ট করায় ২০ বছর বয়সী আরও একজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটককৃত ব্যক্তি ফেসবুক পোস্টের মাধ্যমে সাধারণ মানুষদের তিয়েনআনমেন স্কয়ারে জড় হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ১৯৮৯ সালে মুক্তবাজার অর্থনীতি ও গণতন্ত্রের দাবীতে তিয়েনআনমেন স্কয়ারে জড় হয় সাধারণ মানুষ। পরে ৪ জুন পুলিশি হত্যাকাণ্ডের মধ্যদিয়ে শেষ হয় এ আন্দোলন। —বিবিসি ও আল জাজিরা