প্রায় আড়াই কোটি নতুন গরিব বা মধ্যবিত্তের কথা বাজেটে নেই :ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের সঙ্গে একধরনের ‘ভাঁওতাবাজি’ করা হয়েছে। অর্থমন্ত্রী দুই হাত ভরে ব্যবসায়ীদের দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ তেমন কিছু পায়নি। প্রায় আড়াই কোটি নতুন গরিব বা মধ্যবিত্তের কথা বাজেটে নেই।

গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বাজেটের ওপর দলের পক্ষ থেকে তিনি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেট অবাস্তবায়নযোগ্য, কাল্পনিক ও অগ্রহণযোগ্য মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, এই বাজেট দেশের মানুষের যে আশা-আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে ব্যর্থ হয়েছে। বাজেটে করোনা মহামারি পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমলে নেওয়া হয়নি। এটি দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট। জনগণের সমর্থনবিহীন সরকারের রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তাই এ বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি।