পাবনার চাটমোহরে নির্মাণাধীন ডিবিগ্রাম ইউনিয়ন ভূমি অফিস ভবনের একটি অংশ ধসে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারের ফলে গত বৃহস্পতিবার বিকালে ঐ ভবনের একটি অংশ (বারান্দা) ধসে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের।
খোঁজ নিয়ে জানা গেছে, ভবনটি নির্মাণের কাজ করছেন চাটমোহরের ঠিকাদার সিরাজুল ইসলাম। বেশ কিছুদিন আগে এই ভবন তৈরির কাজ শুরু হয়। তবে মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে নির্মাণকাজ বন্ধ থাকে। পরে আবারও নির্মাণকাজ শুরু হয়। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, আমি নতুন এসেছি।’ ঠিকাদার সিরাজুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ইউএনও সৈকত ইসলাম বলেন, ‘উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন হাতে এলে ভবন ধসে পড়ার কারণ জানা যাবে।’