পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাইকারী চিহ্নিত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া সেই ছিনতাইকারীকে চিহ্নিত করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত সেই ছিনতাইকারীকে আটক করা সম্ভব হয়নি। এমনকি মোবাইল ফোনটিও উদ্ধার করতে পারেনি পুলিশ। এর ব্যাপারে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দিন গতকাল শুক্রবার গণমাধ্যমকে বলেন, পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় একজনকে চিহ্নিত করা গেছে। তার নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য পুলিশ সংগ্রহ করেছে। ঐ ব্যক্তি রাস্তার মুখে স্থাপিত উড়োজাহাজের ভাস্কর্যের নিচে ঘুমাত। তাকে আটক করতে এখন অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত রবিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণির ট্রাফিক সিগন্যালের যানজটে আটকা পড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে বহনকারী গাড়িটি। তখন গাড়ির গ্লাস খুলে মোবাইল ফোনে কথা বলছিলেন মন্ত্রী। এ সময় হঠাত্ এক ছিনতাইকারী ছোঁ মেরে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পরপরই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্র জানায়, পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাইকারীকে আটক করতে পুলিশ ইতিমধ্যে বিজয় সরণি ও তার আশপাশ এলাকার চিহ্নিত অন্তত এক ডজন ছিনতাইকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তাদের জিজ্ঞাসাবাদ করেও ছিনতাইকৃত মোবাইল ফোনের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিজয় সরণির মোড়ের আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ছিনতাইকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে।