বাংলাদেশে সিনোফার্মের টিকার বিক্রয়মূল্য প্রকাশ হওয়ায় চীন কিছুটা বিরক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। চীন ও বাংলাদেশ একটি চুক্তিতে সই করেছিল, যেখানে টিকার বিক্রয়মূল্য প্রকাশ করা হবে না বলে নিশ্চয়তা দেওয়া হয়েছিল।
গতকাল শুক্রবার একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত একটি প্রতিবেদনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চীনা রাষ্ট্রদূতের কাছে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছি। তবে, এ ঘটনায় আমাদের অবস্থান বেশ খানিকটা খারাপ হয়েছে।’ তিনি জানান, ভবিষ্যতে সরকার আর ওই দামে টিকা কিনতে পারবে না। মোমেন বলেন, ‘তারা অন্য দেশে যে দামে টিকা বিক্রি করে, সে দামেই কিনতে হবে। তা দ্বিগুণ বা তিন গুণ হতে পারে।’
গত ২৭ মে মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীন থেকে সিনোফার্মের করোনা টিকার দেড় কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়। সরকার এই টিকার প্রতি ডোজ ১০ ডলারে কিনতে যাচ্ছে বলে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান। বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ ছড়িয়ে পড়ার পর, মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান যে, ওই দাম এখনো অনুমোদন পায়নি।