পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যসচিব এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মমতার মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধায়ের অধ্যায় এখনো শেষ হয়নি। গত বৃহস্পতিবার আলাপন বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের করা শোকজের জবাব দিয়েছেন। এখন তার দেওয়া ব্যাখ্যা খুঁটিয়ে দেখছে দিল্লি। তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা এরপরই ঠিক হবে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গত সোমবার বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় আলাপনকে শোকজ করেছিল কেন্দ্র সরকার। জবাব দেওয়ার জন্য তিন দিন অর্থাত্ বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়। সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যায় শোকজ জবাব দিল্লিতে পাঠিয়ে দেন তিনি।
নবান্ন সূত্র বলছে, চিঠিতে আলাপন জানিয়েছেন, মুখ্যসচিব হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করাই তার প্রধান কর্তব্য ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাকে প্রধানমন্ত্রীর বৈঠক থেকে বেরিয়ে আসতে হয়। সেই চিঠি পৌঁছে গেছে দিল্লিতে। আলাপনের চিঠির বক্তব্য ভালোভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এর পর এ বিষয়ে দ্রুত পদক্ষেপের ভাবনা রয়েছে দিল্লির।
ইত্তেফাক/টিআর