পানির অভাবে চরম ভোগান্তিতে নারায়ণগঞ্জবাসী

নারায়ণগঞ্জে গত চারদিন যাবৎ পানির সংকটে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। এতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পানি সরবরাহের নতুন সিস্টেম মুখ থুবড়ে পড়েছে শুরুতেই। এমনটাই মনে করছেন ভুক্তভোগীরা। 

গত ২৪ মে সিটি করপোরেশন এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে নগরবাসীকে জানায়, ১ জুন ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই দফায় ৮ ঘণ্টা পানি সরবরাহ করা হবে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় পরিমাণ পানি সংগ্রহ ও সংরক্ষণ করে ব্যবহার করার জন্য অনুরোধ করেন। নির্দেশনা মতে ১ জুন ভোর থেকে নতুন নিয়মে পানি সরবরাহ শুরু হয়। কিন্তু ওইদিন বিকাল থেকেই নাসিকের বিভিন্ন এলাকায় পানি সংকট দেখা দেয়। 

যাদের ডিপ টিউবওয়েল আছে তারা পানি সংকটে পড়ছেন না। যারা নাসিকের সরবরাহকৃত পানি ব্যবহার করেন তারা ভোগান্তিতে পড়েন। সোনামিয়া বাজারের গৃহীনি রওশন আরা জানান, গত বুধবার ভোরে কল ছাড়ার পড় দেখি এক ফোঁটা পানিও পড়ছে না। মনে করেছি আমাদের মোটর নষ্ট হয়ে গেছে। তাই রিজার্ভ ট্যাংকি থেকে উপরে পানি উঠছে না। পরে রিজার্ভ ট্যাংকি চেক করে দেখি সেখানে পানি নাই। গতকাল শুক্রবার বেলা ১২টা পর্যন্ত পানি পাই নাই। 

বুধ-বৃহস্পতিবার দুইদিন ডিপ টিউবওয়েল আছে এমন বাড়িওয়ালাদের কাছ থেকে চেয়ে চিন্তে খাবারের পানি এনেছি। কিন্তু গতকাল শুক্রবার অনেক পানির প্রয়োজন হয়। সেই পরিমাণ পানি আর আনা সম্ভব হয়নি। ফলে গোছল ছাড়াই নিরুপায় হয়ে স্বামী-সন্তান জুম্মার নামাজ পড়তে গিয়েছে। একই এলাকার গার্মেন্টস শ্রমিক নাসির জানান, গত বুধবার থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ওয়াসার এক গ্লাস পানি পাই নাই। একটি পরিবারের সারাদিন যে পরিমাণ পানি লাগে সে পরিমাণ পানি ইচ্ছে করলেই কি অন্য বাড়ি থেকে আনা যায়? 

নিলুফা ইয়াসমিন জানান, ৩১ তারিখ রাতে ট্যাংকিতে পানি ভর্তি করে রেখেছিলাম। তা দিয়ে ১ জুন দুপুর পর্যন্ত চলতে পেরেছি। কিন্তু ওইদিন বিকাল থেকেই আমাদের রিজার্ভ ট্যাংকিতে সিটি করপোরেশনের সরবরাহকৃত পানি আসছে না। 

এদিকে সিটি করপোরেশন সূত্র জানায়, পানি সরবরাহের পাম্প চালানোর সময় আরও চার ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে ৬ ঘণ্টা করে দুই বেলায় মোট ১২ ঘণ্টা পাম্প চালু রাখবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগ। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত পানি পাচ্ছে না নগরবাসী। সূত্র আরও জানায়, নানান কারণে নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টা পানি সরবরাহ করা হতো। পানি সরবরাহের সিস্টেমটি নিয়ন্ত্রিত ছিল না। এতে বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় হতো।  

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ঢাকাতেও ওয়াসা দুই বেলা পানি সরবরাহ করে। কিন্তু নানান কারণে নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টা পানি সরবরাহ করা হতো। পানি সরবরাহের সিস্টেমটি নিয়ন্ত্রিত ছিল না। এতে বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় হতো। কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে পানি সরবরাহের দায়িত্ব আসার পর আমরা সবধরনের কার্যক্রম গুছিয়ে আনার চেষ্টা করেছি। সে অনুযায়ী সিটি কর্পোরেশন দুই বেলা পানি সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।’

ইত্তেফাক/এসআই