ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে র্যাব ডিজি
ইত্তেফাক রিপোর্ট
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সমাজে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।
গতকাল এফডিসিতে আয়োজিত ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ বিষয়ক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এই ছায়া সংসদের আয়োজন করে।
তিনি বলেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক ও শিক্ষকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষত পরিবারে সন্তানদের প্রতি বাবা-মায়ের নজরদারি বাড়াতে হবে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। সৃজনশীল কাজে সম্পৃক্তকরণের মাধ্যমে কিশোর অপরাধ হ্রাস করা সম্ভব।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সময় এসেছে বিতর্কিত টিকটকের কার্যক্রম বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। প্রতিযোগিতায় ঢাকার শহীদ পুলিশ স্মৃতি কলেজকে পরাজিত করে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মধ্যে ট্রফি ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।