কৃষ্ণ সাগরে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা তুরস্কের

কৃষ্ণ সাগরে নতুন করে ১৩ হাজার ৫০০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে তুরস্ক। শুক্রবার গ্যাস আবিষ্কারের এই ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর মধ্য দিয়ে জ্বালানিতে তুরস্কের আমদানিনির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে। —আলজাজিরা

গত বছর কৃষ্ণ সাগরের পশ্চিমাঞ্চলে ৪০ হাজার ৫০০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় তুরস্ক। দেশটির তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহর মাধ্যমে সাকারিয়া গ্যাসক্ষেত্রে এই মজুদ পাওয়া যায়। সেটি ছিল তুর্কি ইতিহাসের সবচেয়ে বড় গ্যাসের মজুদের সন্ধান। ঐ সময়ে প্রেসিডেন্ট এরদোয়ান জানান, ২০২৩ সাল থেকে এই গ্যাসক্ষেত্রের জ্বালানি ব্যবহার করতে পারবেন ভোক্তারা। শুক্রবার কৃষ্ণ সাগরে জঙ্গুলুদাক শহরের এক অনুষ্ঠানে অংশ নিয়ে এরদোয়ান জানান, আমাসরা-১ কূপ এলাকায় গভীর অনুসন্ধানের কারণে বিপুল গ্যাস আবিষ্কার করা সম্ভব হয়েছে। এবারের গ্যাস অনুসন্ধানের পেছনেও ফাতিহ জাহাজ ব্যাপক ভূমিকা রেখেছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, বিদেশি সহায়তা ছাড়াই তুরস্ক এই গ্যাস উত্তোলন করতে সক্ষম। ভবিষ্যতে ঐ অঞ্চলে আরো ভালো কিছু পাওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এরদোয়ান। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের মাধ্যমে কৃষ্ণসাগরে দক্ষিণাঞ্চলীয় এলাকায় তুরস্কের গ্যাস আবিষ্কারের পরিমাণ দাঁড়াল ৫৪ হাজার কোটি ঘনমিটার।