চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুত্ সরবরাহের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় চরফ্যাশন প্রেসক্লাবের সামনে চরফ্যাশনের মনপুরাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সোনালী ব্যাংক চরফ্যাশন শাখার ম্যানেজার মো. কামরুল ইসলাম, হাজিরহাট ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মো. আলম, মো. জসিম উদ্দিন এবং মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুত্ চাই নাগরিক কমিটির সদস্য নুরুল আমিন, জোবায়ের প্রমুখ। আজ রবিবার চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করবেন বলে এ সময় আয়োজকেরা জানান।