ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিষাক্ত ঘাস খেয়ে গত এক সপ্তাহে অন্তত ১৫টি গরু মারা গেছে। উপজেলার ভুলুন্দিয়া গ্রামের কৃষক মমছের আলি জানান, তার তিনটি গরু মারা গেছে। একই গ্রামের কোবাদ আলির দুইটি গরু মারা গেছে। তারা জানান, মাঠ থেকে ঘাস কেটে এনে গরুকে খাওয়ান। এরপর গরুর পেট ফুলে উঠে। তারপর গরু ছটফট করতে করতে মারা যায়। তাদের পার্শ্ববর্তী ভাটবাড়ে ও আশপাশের কয়েকটি গ্রামে এ রোগে ১২টি গরু মারা গেছে। একই উপজেলার চরধরলা গ্রামে তিনটি ও সারুটিয়া গ্রামে আরো তিনটি গরু মারা গেছে। রয়েড়া গ্রাম থেকেও গরু মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী জানান, বিষাক্ত ঘাস খাওয়ায় গরু মারা গেছে। দীর্ঘদিন খরার পর বৃষ্টি হলে মাঠে ঘাস জন্মায়। ঐ ঘাস প্রচুর পরিমাণ নাইট্রেট বিষ সংগ্রহ করে। ঐ ঘাস খেলে গরুর শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়। গরুর রক্তের হিমোগ্লোবিন ভেঙে যায়। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গরু মারা যায়। প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে মৃত্যুর কারণ আরো নিশ্চিত হওয়ার জন্য মৃত গরুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চাষিদের কাঁচা ঘাস না খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান।