সংবাদ সংক্ষেপ

ভুরুঙ্গামারীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক এক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ভূরুঙ্গামারীতে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ভুরুঙ্গামারী থানা পুলিশ কেরামত আলী নামের ওই ব্যক্তিকে আটক করে। গত বৃহস্পতিবার মেয়েটি খাতা-কলম কেনার জন্য দোকানে গেলে দোকানের মালিক মোঃ কেরামত আলী (৪০) তাকে কসমেটিকস্ সামগ্রী দেওয়ার প্রলোভন দেখিয়ে ভেতরে নিয়ে ধর্ষণ করে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, আমরা অভিযুক্ত কেরামত আলীকে আটক করেছি। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে কুড়িগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বামনায় প্রাণিসম্পদ মেলা

বামনা (বরগুনা) সংবাদদাতা বামনায় গতকাল শনিবার প্রাণিসম্পদ মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে সরকারি বামনা সারওয়াজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান প্রমুখ।

জনসচেতনতামূলক আলোচনাসভা

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে গতকাল শনিবার জনসচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশিং কর্মসূচির আওতায় মাদক, উত্ত্যক্তকরণ, গুজব ও সন্ত্রাসের বিরুদ্ধে উপজেলার কড়িকান্দি ও বলরামপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবীর সভাপতিত্বে সভা দুটিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস।

তথ্য অধিকার আইন বিষয়ে অবহিতকরণ কর্মশালা

পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশে গতকাল শনিবার সেবাগ্রহীতাদের তথ্য অধিকার আইনে সেবা প্রদানবিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলনকক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

ভিটামিন এ ক্যাম্পেইন উদ্বোধন

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার সকালে ভিটামিন এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর ফয়সলের সভাপতিত্বে ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার। ১৯ জুন পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নে ৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সি ২৫ হাজার ৫৭৭ জন শিশুকে পর্যায়ক্রমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

পাখির অভয়ারণ্য তৈরিতে বৃক্ষরোপণ কার্যক্রম

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কটিয়াদীতে সামাজিক সংগঠন ‘রক্তদান সমিতি’ পাখির অভয়ারণ্য তৈরি ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নিয়েছে। শনিবার সকালে বিশ্ব পরিবেশ দিবসে কটিয়াদী সরকারি কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। এ সময় গাছে গাছে মাটির কলস ঝুলিয়ে দেওয়া হয় ও গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, ইউএনও জ্যোতিশ্বর পাল, পৌর মেয়র শওকত উসমান প্রমুখ।