স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো দলের মূল পেসার শরীফুল ইসলামের তিন ফরম্যাটেই অভিষেক হয়ে গেছে। একই দলের আগ্রাসি ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব এতদিন ইনজুরির কারণে আড়ালেই ছিলেন। গতকাল বল হাতে নিজেকে মেলে ধরেছেন সাকিব। আবাহনীর হয়ে টি-২০ অভিষেকেই ৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা এ তরুণ।
গতকাল বৃষ্টিস্নাত দিনে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১০ উইকেটে হারিয়ে প্রথম জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস। পরের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে পরাজিত করে আবাহনী। লিগে এটি তাদের টানা তৃতীয় জয়।
দুপুরের ভারী বর্ষণের পর আবাহনী-ব্রাদার্স খেলতে পেরেছিল ১১ ওভারের ম্যাচ। টসে হেরে ব্যাট করা ব্রাদার্স ৫ উইকেটে ১০১ রান তুলেছিল। ৩৮ রানের ওপেনিং জুটির পর ৫১ রানে ৫ উইকেট হারায় দলটি। ষষ্ঠ উইকেটে আলাউদ্দিন বাবু-জাহিদুজ্জামানের ঝোড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি গড়ে ব্রাদার্স। আলাউদ্দিন বাবু ১০ বলে অপরাজিত ২৪, জাহিদুজ্জামান ১০ বলে অপরাজিত ২৫ রান করেন। এছাড়া মিজানুর ২০, জুনায়েদ ২০ রান করেন। ম্যাচে যুব বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব বল হাতে জ্বলে ওঠেন। অভিষেকেই ২ ওভারে ৯ রানে ৩ উইকেট নেন এ তরুণ। আরাফাত সানি নেন ২ উইকেট।
পরে ৯.৫ ওভারে ১ উইকেটে ১০২ রান তুলে ম্যাচ জিতে আবাহনী। দলীয় ৩৮ রানে ওপেনার মুনিম শাহরিয়ার বিদায় নেন ১২ বলে ২৫ রান করে। পরে নাঈম শেখকে নিয়ে ৬৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক মুশফিক। রান-বলের দূরত্বের চাপটা ঘনীভূত হতে দেননি এ অভিজ্ঞ ব্যাটসম্যান। নাঈম শেখ ২৬ বলে অপরাজিত ৩৬, মুশফিক ২১ বলে ৬টি চারে অপরাজিত ৩৭ রান করেন। তানজিম হাসান সাকিব ম্যাচ-সেরা হন।
সকালে বৃষ্টির বাধা ঠেলে পারটেক্স-ওল্ড ডিওএইচএস ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৫ ওভারে। আগে আগে ব্যাট করে ৪ উইকেটে মাত্র ৭৭ রানের সংগ্রহ গড়ে পারটেক্স। পরে ১১.৩ ওভারে বিনা উইকেটে ৭৮ রান তুলে জয় নিশ্চিত করে ওল্ড ডিওএইচএস। আনিসুল ইমন অপরাজিত ৩৩, রাকিন অপরাজিত ৪৩ রান করেন। রাকিন ম্যাচ-সেরা হন। এদিন পারটেক্সের জার্সিতে ২০১৯ সালের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন পেসার শাহাদাত হোসেন ও লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। দলের হারের দিনে দুই বোলারই ছিলেন উইকেটশূন্য।