ভারী বর্ষণে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারীসহ দুই জন নিহত হয়েছেন। গতকাল শনিবার টেকনাফের চাকমারকুল ক্যাম্পের (ক্যাম্প নং-২১) ব্লক-এ/২ এবং উখিয়ার বালুখালী ময়নারঘোনা ক্যাম্পে পৃথক সময়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফের চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা শাকের আহমেদের স্ত্রী নুর হাসিনা (২০) ও উখিয়ার বালুখালী ময়নারঘোনা ক্যাম্পের মৃত অছিউর রহমানের ছেলে রহিম উল্লাহ (৩৫)।
কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মো. তরিকুল ইসলাম বলেন, চাকমারকুলার শাকের আহমেদের বসতঘরসংলগ্ন পাহাড় প্রচণ্ড বৃষ্টিতে হঠাত্ ধসে পড়ে। এতে নারী শরণার্থী নুর হাসিনা মাটিতে চাপা পড়ে অজ্ঞান হয়ে গেলে চিকিত্সক তাকে মৃত্যু ঘোষণা করেন। অন্যদিকে এপিবিএন পুলিশ সূত্রে জানা গেছে, পাহাড়ের মাটি খনন করতে গিয়ে মাটিতে চাপা পড়ে রফিক উল্লাহর মৃত্যু হয়।