চুয়াডাঙ্গায় গৃহবধূকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ এক জন গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রতিবেশী এক নারীকে অপহরণ করে ১০ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে মানিক মিয়া (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালিকা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রাত ৯টার দিকে ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ভুক্তভোগী নারীর বিয়ে হয় পাশের গ্রামে। গত ২২ মে ঐ গৃহবধূ বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। ঐদিন বেলা ১১টার দিকে শালিকা মোড়ে পৌঁছালে একই গ্রামের মানিক মোটরসাইকেলে তাকে শ্বশুরবাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইলে নিয়ে যায়। সেখানকার একটি বাড়িতে নিয়ে ঐ গৃহবধূকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করে। গত ২ জুন বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে মোটরসাইকেলে করে ঐ গৃহবধূকে নিয়ে ভালাইপুর মোড়ে নামিয়ে দেয় মানিক। পরে মোবাইলে টাকা রিচার্জ করার কথা বলে সে পালিয়ে যায়। সেখান থেকে বাবার বাড়ি ফিরে ঐ গৃহবধূ অপহরণ ও আটকে রেখে ধর্ষণের কথা জানান পরিবারের সদস্যদের কাছে।